কক্সবাজারে ৩৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লাখ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ দল কক্সবাজার সদর ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লাখ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
