ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় যুবলীগের দুই নেতা-নেত্রী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবলীগের দুই নেতা ও নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে পুলিশ নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতার দুজন হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার নিজ বাসা থেকে জাকির হোসেনকে এবং ওই রাতেই উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং খালেদা আক্তার রোজি উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা মৃত রেহান উদ্দিনের মেয়ে।
পুলিশ জানান, রোজি বিগত শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে ঢাকার বনশ্রী এলাকায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালায়। বনশ্রীর নিজ বাসা থেকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌ চাঁদাবাজি, এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও ভূমিদস্যুতার অসংখ্য অভিযোগ রয়েছে। পলিথিন জাকিরের বিরুদ্ধে এলাকায় সাধন, রিপন, গোলজার হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অসংখ্য মামলা রয়েছে। সে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হতাহতের ঘটনায়ও জড়িত।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় জাকির হোসেন ও খালেদা আক্তার রোজি নামে দুই যুবলীগ নেতা ও নেত্রীকে গ্রেফতার করা হয়। তাদের দুজনকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
