Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবরুকপুর গ্রামে প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় হামলাকারীরা ওই প্রবাসীর বাড়ির সব বনজ ও ফলদ বৃক্ষ কেটে ফেলেছে। প্রাণনাশের হুমকিসহ বাড়ির বিদ্যুৎ-পানি ও গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘটনার পর থেকে ওই প্রবাসীর পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রণি আক্তার মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগে প্রবাসীর স্ত্রী রণি আক্তার উল্লেখ করেন, উপজেলার বাবরুকপুর গ্রামে নিজের জায়গায় বাড়ি করার সময় স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা দাবি করে। এরই মধ্যে মসজিদের ফান্ডে টাকা জমা করা হবে উল্লেখ করে হাসমত ও আউয়াল ৭০ হাজার টাকা চাঁদা আদায় করেছে।

মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়ার অভিযোগ, মসজিদের নামে নেওয়া ৭০ হাজার টাকা তারা মসজিদের ফান্ডে জমা না দিয়ে তা আত্মসাৎ করেছে।

এদিকে গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মাদক সেবন করে সংঘবদ্ধ ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রবাসীর বাড়িতে গিয়ে আবারও নতুন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় প্রবাসীর স্ত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করে।

এ সময় হামলাকারীরা বাড়ির সব বনজ ও ফলদ গাছ কুপিয়ে কেটে ফেলে। বাড়ির বিদ্যুৎ লাইন, পানি ও গ্যাসের লাইনও কেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

প্রবাসীর পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই প্রবাসীর বাড়িতে একদল ডাকাত অস্ত্রসহ হানা দেয়। এ সময় ওই ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মাদকসেবী এ সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম