জেলের জালে ধরা ৬৮৭ লাল কোরাল ১০ লাখ টাকায় বিক্রি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
জেলের জালে ধরা পড়েছে ৬৮৭ লাল কোরাল
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশে সাগরে জেলের জালে ধরা পড়েছে ৬৮৭টি লাল কোরাল; যা ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ মৎস্য ঘাটে মাছবোঝাই ট্রলারটি ভেড়ার পর ওই মাছ বিক্রি করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) বিকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ট্রলারে ওই মাছগুলো ধরা পড়ে। একসঙ্গে জালে এত মাছ পেয়ে আনন্দিত ট্রলারের মালিক ও জেলেরা।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, মাছ নিয়ে ট্রলারটি বুধবার রাতে ঘাটে পৌঁছালেও বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়া ফিশারিঘাটে ব্যবসায়ীরা মাছগুলো ১২ লাখ টাকা দাম হাঁকালেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় বিক্রি হয়।
ট্রলারের মালিক মো. জাকারিয়া (৪২) জানান, ট্রলার নিয়ে জেলেরা সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের এলাকায় মাছ শিকার করতে জাল ফেলেন। বুধবার বিকালের দিকে জালে ধরা পড়ে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ। যা স্থানীয় ভাষায় রাচৈ বলে পরিচিত। গণনা করে দেখা যায় মাছের সংখ্যা ৬৮৭টি। যার প্রতিটি মাছের ওজন দেড় থেকে চার কেজি।
তিনি আরও জানান, জেলেদের জন্য ১০টি মাছ রেখে ৬৭৭টি কোরাল মাছ বিক্রির জন্য ১২ লাখ টাকা দাম চাওয়া হয়। পরে মাছ ব্যবসায়ী রহিম উল্লাহ ১০ লাখ টাকায় লাল কোরালগুলো কিনে নেন। প্রতি কেজি মাছের দাম পড়েছে ৫৭৫ টাকা।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম জানান, লাল কোরাল একটি সুস্বাদু সামুদ্রিক মাছ। এক সময় হাটবাজারে এটি প্রচুর পরিমাণে পাওয়া যেত। তবে বর্তমানে এর প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাধারণত লাল কোরাল ১ থেকে সর্বোচ্চ ৯ কেজি ওজনের হয়ে থাকে। তবে সেন্টমার্টিন সংলগ্ন সাগরে জেলের জালে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ার বিষয়টি আমি জানতে পেরেছি।
