Logo
Logo
×

সারাদেশ

দেড় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ২

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

দেড় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কসবা উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় বিজিবি-৬০ ব্যাটালিয়ন ও কসবা থানা পুলিশ যৌথভাবে অংশ নেয়।

আটকরা হলেন— উপজেলার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২) এবং মো. মনির হোসেন (২৬)। অভিযানে ২৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ দুজনকে আটক করা হয়েছে। অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনআস্থা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম