তারেক রহমানের সফর ঘিরে চাঙা বিএনপি, প্রশাসনের ‘পক্ষপাত’ নিয়ে জামা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
তারেক রহমান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই তপ্ত হয়ে উঠেছে উত্তরের সীমান্ত জেলা ঠাকুরগাঁও। একদিকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরা বিএনপি নেতা তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উজ্জীবিত দলটি; অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছে জামায়াতে ইসলামী। আগামী ১৩ জানুয়ারি জেলা বিএনপি আয়োজিত সমাবেশ ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপিতে ব্যাপক উদ্দীপনা দেখা দিলেও উল্টো চিত্র জামায়াতে ইসলামী শিবিরে। একদিকে তারেক-হাওয়ায় বিএনপির শক্তিবৃদ্ধি, অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধে ‘একপেশে’ আচরণের অভিযোগ তুলে সরব জামায়াতে ইসলামী।
আগামী ১৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের বড় মাঠে জেলা বিএনপি এক ‘গণদোয়া’ অনুষ্ঠানের আয়োজন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির এক বিশাল শক্তির মহড়া হিসেবে।
ইতোমধ্যেই শহরের বড় মাঠে বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলায় দলের এ কর্মসূচিকে ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবে নিয়েছে স্থানীয় বিএনপি।
জেলা বিএনপি নেতা ওবায়দুল্লাহ হক মাসুদ বলেন, তারেক রহমান আমাদের প্রাণশক্তি। ১৩ তারিখের উপস্থিতিই প্রমাণ করবে ঠাকুরগাঁও কার দুর্গ।
বিএনপির এ জোয়ারের মধ্যেই গতকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মৌখিক অভিযোগ জানিয়েছে জামায়াতে ইসলামী। ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও জেলা আমির বেলাল উদ্দিন প্রধান মৌখিক এ অভিযোগ দায়ের করেন।
জামায়াতের প্রধান অভিযোগগুলো হলো নির্বাচন পরিচালনায় বিএনপি-ঘেঁষা কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে পক্ষপাতমূলক আচরণ করছে।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই সফর ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটব্যাংককে আরও সংহত করতে পারে। এতে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের রাজনৈতিক মাঠ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিনের মিত্র এই দুই দলের মধ্যে এখন কার্যত স্নায়ুযুদ্ধ চলছে।
১৩ জানুয়ারির এ সমাবেশকে কেন্দ্র করে ঠাকুরগাঁও এখন রাজনৈতিক উত্তাপের তুঙ্গে। শেষপর্যন্ত এই শক্তির মহড়া নির্বাচনের সমীকরণ কোন দিকে নিয়ে যায়- সেদিকেই তাকিয়ে জেলার সাধারণ ভোটাররা।

