Logo
Logo
×

সারাদেশ

ব্যাংক চেকসহ যা পাওয়া গেল প্রশ্নফাঁস চক্রের সদস্যদের কাছে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

ব্যাংক চেকসহ যা পাওয়া গেল প্রশ্নফাঁস চক্রের সদস্যদের কাছে

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের ছয় সদস্য। ছবি: যুগান্তর

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর মালোপাড়া কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ ও উপশহর সৃষ্টি স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, ব্যাংক চেকের পাতা, প্রার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র উপকমিশনার (ডিসি) গাজীউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।   

গ্রেফতাররা হলো- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের শুকুর উদ্দিনের ছেলে মো. আল মামুন (৪২), রাজশাহীর মোহনপুর উপজেলার নোনাভিটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাহবুব আলম (৪৬), নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের আলাউদ্দিনের মেয়ে মোছা. আনজুয়ারা খাতুন (২৫), সদর উপজেলার চক সুখদা গ্রামের আকবর আলীর ছেলে জুলফিকার আলী (৪০), আত্রাই উপজেলার কালুহাট গ্রামের ওমর আলীর ছেলে   মো. নয়ন আলী (২৭) ও মান্দা উপজেলার দাওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে রায়হান কবির (৩০)।

শুক্রবার সকালে বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী মামলা হয়েছে। সেই সঙ্গে আদালতের মাধ্যমে গ্রেফতার পাঁচজনকে জেলহাজতে এবং অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার বিকালে রায়হান কবির নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

অভিযোগ মতে, গ্রেফতাররা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশ্বস্ত লোক পরিচয়ে চাকরি প্রত্যাশীদের পরীক্ষার আগে প্রশ্ন দেওয়ার অঙ্গীকার করেন। এ লক্ষ্যে সিন্ডিকেটের সদস্যরা বহু পরীক্ষার্থীর কাছ থেকে অগ্রিম ফাঁকা স্ট্যাম্প, ব্যাংকের ফাঁকা চেকের পাতা এবং প্রবেশপত্র ছাড়াও এনআইডির ফটোকপি জমা নেন। গোপন সূত্রের খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম