চট্টগ্রামের ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুলের সমারোহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম
ডিসি পার্ক। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চতুর্থবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। এ উপলক্ষে ফুলে ফুলে সেজেছে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে অবস্থিত ১৯৪ একর আয়তনের ডিসি পার্ক। এতে প্রায় ১৪০ প্রজাতির ফুলের সমারোহ রয়েছে।
শুক্রবার সকালে মাসব্যাপী ফুল উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় তিনি ফুল উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসনের বৃহৎ কর্মযজ্ঞের প্রশংসা করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, এটি শুধু চট্টগ্রামের জন্য নয় বরং সারা দেশের মানুষের জন্য আনন্দের বিষয়। দেশের অন্যান্য জেলার মানুষও ডিসি পার্কে এসে নির্মল আনন্দ উপভোগ করতে পারবেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
সরেজমিন দেখা যায়, পার্কের এক পাশে সাগর, মাঝখানে জোড়া পুকুর। এর বাইরে পুরো পার্কেই দেশি-বিদেশি রঙিন ফুল। তবে পার্কের ভেতরের বেশ কিছু অংশে এ বছর পরিবর্তন এসেছে। বিভিন্ন স্থাপনার গঠনও বদলানো হয়েছে। ফটকের ভেতর বাঁ পাশে শিশুদের বিনোদনের জন্য রয়েছে আলাদা আয়োজন। মূল ফটকের ভেতরে পুকুরের পূর্ব ও পশ্চিম পাড়জুড়েই রয়েছে সাজানো গোছানো ফুলের বাগান। এবার তৈরি করা হয়েছে জায়ান্ট ফ্লাওয়ার, ট্রি হাউস, ট্রিপল হার্ট শেলফ, ট্রেন, বক, ময়ূরসহ বিভিন্ন নান্দনিক স্থাপনা। বিদেশি ফুলের মধ্যে রয়েছে লিলিয়াম, ম্যাগনোলিয়া ও ক্যামেলিয়া। দেশি ফুলের মধ্যে আছে গাঁদা, জবা, কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি। পার্কের উত্তর ও দক্ষিণ পাশে বসানো হয়েছে বিভিন্ন বিনোদন উপকরণ। পুকুরে কায়াকিংয়ের জন্য রাখা হয়েছে নৌকা। দক্ষিণ পাশের পুকুরটির ওপর দিয়ে নেওয়া হয়েছে জিপলাইন। মূল ফুল উৎসব এলাকা থেকে জিপলাইনে করে দর্শনার্থীরা পুকুরের পূর্বপাশের ফুলের বাগানে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড় পুকুরের উত্তর পাশের পূর্বপাড়ে বসানো হয়েছে খাবারের স্টল ও গ্রামীণ মেলার আয়োজন। মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে এবার। এরই মধ্যে ফুলপ্রেমীরা পার্কে ভিড় করতে শুরু করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়েছে। স্থাপন করা হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্নার। পার্কে প্রবেশে জনপ্রতি ৫০ টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান উপস্থিত ছিলেন।
