ভুয়া মেমো তৈরি করে টিএসপি সার সংকট সৃষ্টি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভুয়া মেমো তৈরি করে সার সংকট সৃষ্টি করায় সিংড়ায় মিজানুর রহমান নামে এক সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার শেরকোল-রাণীনগর শাহী বাজারের মেসার্স শাফি এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানাসহ ওই ব্যবসায়ীকে সতর্ক করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর বরাদ্দের ৪০০ বস্তা টিএসপি সার উত্তোলন করেন শেরকোল-রাণীনগর বাজারের বিসিআইসি সার ডিলার মিজানুর রহমান; কিন্তু স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ডিলারের ঘরে গিয়ে দেখা যায়- সেখানে টিএসপি সার নেই। দোকানের মেমো দেখে একই ব্যক্তিকে একাধিকবার সার দেওয়া হয়েছে; যা অস্বাভাবিক বলে সন্দেহ হয়। বিষয়টি তদন্তে বের হয়ে আসে থলের বিড়াল। ভুয়া মেমো করে রাতারাতি টিএসপি সার প্রকৃত কৃষকদের না দিয়ে বাহিরে বিক্রয় করার প্রমাণ পেয়ে সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ পৃথক দুটি আইনে ব্যবসায়ী মিজানুর রহমানের ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, প্রকৃত দামে ও হয়রানি ছাড়া কৃষকরা সার পাবেন। এজন্য প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।
