Logo
Logo
×

সারাদেশ

বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা কুদ্দুস গ্রেফতার

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা কুদ্দুস গ্রেফতার

বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে পৌরসভার হরিপুর গ্রামে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।

বৃহস্পতিবার রাত ১০টায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এএসআই শাহ পরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আবদুল কুদ্দুসকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গুরুতর অভিযোগ থাকায় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। 

পুলিশ আরও জানায়, গত জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবদুল কুদ্দুসের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগেও তাকে আটক করা হয়েছে। এছাড়াও তিনি স্থানীয়দের কাছে সুদি কুদ্দুস নামে বেশ পরিচিত।

আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি লুৎফুর রহমান বলেন, আবদুল কুদ্দুসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সরকারের সময়ে আবদুল কুদ্দুস দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে তিনি কিছু দিন আত্মগোপনে ছিলেন বলেও জানা যায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক আবদুল কুদ্দুস (৫৫) বুড়িচং উপজেলার হরিপুর (দক্ষিণ-পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আ. বারেক। তার বিরুদ্ধে বুড়িচং থানায় বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে। পুলিশ জানায়, আটক আসামিকে বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম