হককথার সম্পাদক সৈয়দ ইরফানুল বারীর মৃত্যু
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
হককথার সম্পাদক, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর একান্ত সচিব, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক, গবেষক ও লেখক সৈয়দ ইরফানুল বারী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিলাহি ... রাজিউন)।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের সন্তোষের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে নিজ বাসভবনেই তার মৃত্যু হয়।
সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দসহ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া শোক প্রকাশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।
স্বাধীনতার পরপরই ইরফানুল বারী ভাসানীর রাজনৈতিক সচিব হিসাবে কাজ শুরু করেন এবং তার ঘনিষ্ঠ অনুসারী হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ‘সাপ্তাহিক হককথা’র সম্পাদক ছিলেন। ভাসানীর জীবন, দর্শন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে তিনি অনেক বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বই ‘মওলানা ভাসানীর কৃষক সমিতি’ ও ‘নানান মাত্রায় মওলানা ভাসানী।’
