যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গেলে হামলা, এসআইসহ ৪ পুলিশ আহত
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সাভারের আশুলিয়ায় বাংলা বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তার সমর্থকরা।
এতে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামসহ ৪ পুলিশ আহত হন। গুরুতর আহত অবস্থায় এসআই মনিরুলকে স্থানীয় মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় একাধিক ধারাল অস্ত্রের কোপের জখম আছে।
মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মাথা ও শরীরে একাধিক জখম পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত আছেন। বাকি তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারসহ অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের অভিযান চলছে।
আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার রাত ৯টায় এসআই মনিরুরের নেতৃত্বে পুলিশের একটি দল বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল শিকদারকে গ্রেফতার করতে আশুলিয়ার নরসিংহপুরে যান। ওই এলাকার চক্রবর্তী গ্রামে পুলিশ গেলে এ হামলার ঘটনা ঘটে।
সোহেল স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
