Logo
Logo
×

সারাদেশ

সন্তানের সামনে স্ত্রীর বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০২ এএম

সন্তানের সামনে স্ত্রীর বিশেষ অঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা

নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে বুড়িচং থানায় স্বামী ও শ্বশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত তাজুল ইসলামের মেয়ে ও বাউল শিল্পী ইমন সরকারের বোন।

ঘাতক স্বামীর নাম দুলাল মিয়া রাজমিস্ত্রী (৩৭)। তিনি একই এলাকার পূর্ণমতি গ্রামের তল্লাপাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে রিফাত হোসেন (১৩), দুই মেয়ে সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩) রয়েছে।

সরেজমিনে গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে স্ত্রী লিজার কাছে নেশার জন্য টাকা চায় স্বামী দুলাল মিয়া। ওই রাতে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সন্তানদের সামনে শারীরিক নির্যাতনের পর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া। পরে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।

নিহত লিজার মা খুকি বেগম, নানা জমির উদ্দিন, বোন রহিমা আক্তার, বিনা আক্তার, রিনা আক্তার ও ভগিনীপতি আশিকুর রহমানসহ এলাকাবাসীরা হত্যাকাণ্ডে জড়িত স্বামী দুলাল মিয়াকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত লিজার মা খুকি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম