Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে মাটি খুঁড়তেই বের হচ্ছে গ্যাস

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

নোয়াখালীতে মাটি খুঁড়তেই বের হচ্ছে গ্যাস

ফাইল ছবি।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ব্রিজ নির্মাণের আগে সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আশঙ্কায় গ্যাস নির্গমন আপাতত বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারসংলগ্ন এলাকার একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। কাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা এলজিইডি। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকালে ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীর সয়েল টেস্ট সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। সয়েল টেস্ট শেষে তারা স্থান ত্যাগ করেন।

পরদিন শুক্রবার বিকালে হঠাৎ ওই স্থান থেকে গ্যাস বের হতে শুরু করে। ওই সময় স্থানীয়রা আগুন ধরালে গ্যাসে আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।  

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, আসলে এটা কীভাবে হচ্ছে বা এটি সত্যিকারের গ্যাস কি না আমরা বুঝি না। নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। লোকজন আগুন ধরিয়ে দেখান। যদি এটা সত্যিই প্রাকৃতিক গ্যাস হয়, তাই বিষয়টি পরীক্ষা করা জরুরি। 

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস বের হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস বের হওয়ার পর তা বন্ধ করে রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড—বাপেক্সকে জানানো হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিন বলেন, ঘটনাটি শুনেছেন, বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম