Logo
Logo
×

সারাদেশ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়, ৫ জনের কারাদণ্ড

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়, ৫ জনের কারাদণ্ড

ফাইল ছবি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কেন্দ্রে প্রবেশের সময় বা পরীক্ষা চলাকালীন স্মার্টফোন, সিম-সাপোর্টেড ইলেকট্রনিক ডিভাইস বহনের অভিযোগে তাদের আটক করা হয়। 

রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নরদেব চন্দ্র (৩১), বালিয়াডাঙ্গী উপজেলার ভোটপাড়া গ্রামের শনি চরণ সিংহের ছেলে। সিম-সাপোর্টেড ইলেকট্রনিক ডিভাইসসহ কেন্দ্রে প্রবেশের দায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড। পরীক্ষাকেন্দ্র- কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জ্যোতি রানী বিশ্বাস (২৯), ঠাকুরগাঁও সদর উপজেলার মিলননগর গ্রামের পরেশ চন্দ্র বিশ্বাসের মেয়ে। ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের অভিযোগে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড। পরীক্ষাকেন্দ্র- ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ। মোছা. রিপা আক্তার (২৫), পীরগঞ্জ উপজেলার খটসিংগা গ্রামের মো. আইনুলের মেয়ে। সিম-সাপোর্টেড ইলেকট্রনিক রিসিভারসহ পরীক্ষাকক্ষে প্রবেশের দায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড। পরীক্ষাকেন্দ্র- ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। মো. আল-আমিন ইসলাম (২৯), ঠাকুরগাঁও সদরের কোষালবাড়ী এলাকার আনছারুল ইসলামের ছেলে। স্মার্টফোনসহ কেন্দ্রে প্রবেশের অভিযোগে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড। পরীক্ষাকেন্দ্র- ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়। মো. সুমন আলী (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার পরদেশীপাড়া গ্রামের নবীর উদ্দীনের ছেলে। স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করলেও পরীক্ষা শুরুর আগে স্বেচ্ছায় জমা দেওয়ায় অর্থদণ্ড। পরীক্ষাকেন্দ্র- ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়। 

এছাড়া মো. নাজমুল হুদা (২৮), পীরগঞ্জ উপজেলার খটসিংগা গ্রামের আইনুলের ছেলেকে সন্দেহভাজন সহযোগী হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের নেজারত ডেপুটি কমিশনার (ডিসি) নাঈম আশরাফ শনিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার মর্যাদা ও স্বচ্ছতা রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম