Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে খেলা নিয়ে হাতাহাতি, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

Icon

আব্দুল মালেক, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

শ্রীপুরে খেলা নিয়ে হাতাহাতি, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ছবি: যুগান্তর

গাজীপুরের শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়া ও হাতাহাতির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে সাবিনা ইয়াসমিন নামে এক মায়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৯জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। অভিযুক্ত মোঃ সুজন (৩০) একই গ্রামের মোঃ সামসুদ্দিনের ছেলে। 

নিহতের স্বামী শওকত জানান, তার বাড়ির পাশে এলাকার ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। এসময় তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ১০টার সময় ওই ছেলেদের খেলা বন্ধ করতে বলে শাওন। এ সময় বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়লে এক পাশের বাতি নিভে যায়। এতে অভিযুক্ত সুজন ক্ষিপ্ত হয়ে ছেলে শাওনকে মারধর করতে থাকে। 

এসময় ছেলেকে মারধর থেকে বাঁচাতে মা সাবিনা ইয়াসমিন এগিয়ে আসলে উত্তেজিত সুজন তাকেও আঘাত করে। এতে সাবিনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে সাবিনাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় সাহা  জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম