সুন্দরবনে ১২ মন অবৈধ কাকড়াসহ দুদিনে ৭ ব্যবসায়ী আটক
শওকত আলী বাবু, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
কাকড়াসহ আটককৃত পাঁচ ব্যবসায়ী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে আহরণ করা ১২ মন ১০ কেজি কাকড়াসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। শুক্রবার (৯ জানুয়ারি) সুন্দরবন সংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বন রক্ষীরা আরও ২ জেলেকে আটক করে।
শুক্রবার (৯ জানুয়ারি) জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ কেজি কাকড়া জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাকড়া আহরণের অপরাধে ৫ কাকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা। আটক ব্যবসায়ীরা খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নীলবাড়ীয়া বনাঞ্চলের খালে অবৈধভাবে কাকড়া আহরণের সময় বনরক্ষীদের হাতে অর্ধশতাধিক কাকড়া ধরার চারু ও তিনটি নৌকাসহ ২ জেলে আটক হয়। আটকৃত জেলেরা হল, মো. জুলমাত খান (৪৫) ও হালিম খান (৫০)। এদের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটাখালী গ্রামে।
কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

