শ্রীপুরে যৌথ বাহিনীর হাতে আটক আকাশ, ভাঙারি ব্যবসার আড়ালে দিত অস্ত্র ভাড়া
আব্দুল মালেক, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর হাতে আটক আকাশ নামের এক যুবক (২৮) ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ায় দিত বলে জানিয়েছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।
গাজীপুরের পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাওনা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুষ্কৃতকারী। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।
নাফিস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আকাশ ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। সে সীমান্ত এলাকা পেরিয়ে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য সেগুলো ভাড়া দিতেন। অভিযানে তার ভাঙারি দোকানের একটি ড্রামের নিচ থেকে লোড অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা নাফিস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আকাশের বিরুদ্ধে আগেও অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং সে বর্তমানে একটি মামলায় জামিনে ছিলেন। অস্ত্র সংগ্রহের উৎস ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

