Logo
Logo
×

সারাদেশ

পর্যটকবাহী স্টিমার ডুবি, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

পর্যটকবাহী স্টিমার ডুবি, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী

ফাইল ছবি

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে থাকা একটি বালু উত্তোলনকারী ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে পর্যটকবাহী একটি স্টিমার ডুবে গেছে। এতে স্টিমারে থাকা শতাধিক যাত্রী নদীতে পড়ে যান। তবে স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের গোলাম বেপারী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট থেকে ছেড়ে আসা কাপ্তাইমুখী স্টিমারটি গোলাম বেপারী হাট এলাকায় পৌঁছালে নদীতে আগে থেকেই ডুবে থাকা একটি বালু উত্তোলনকারী ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার পর স্টিমারটি দ্রুত ডুবে যায়। যাত্রীরা নদীতে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

স্থানীয় মো. মহিউদ্দিন বলেন, ডুবে থাকা ড্রেজারটিতে কোনো ধরনের বিপদসংকেত বা সতর্কতামূলক চিহ্ন ছিল না। এর আগেও একই ড্রেজারের সঙ্গে একাধিক নৌযানের ধাক্কার ঘটনা ঘটেছে। উদ্ধার শেষে ডুবে থাকা ড্রেজারটিতে লাল পতাকা টানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, বেতাগী এলাকায় বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আরও কয়েকটি ড্রেজার কর্ণফুলী নদীতে ডুবে রয়েছে। এসব ডুবন্ত ড্রেজার নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত সেগুলো অপসারণের দাবি জানান তারা।

স্থানীয় মো. মিনার জানান, উদ্ধার হওয়া যাত্রীদের দুটি বাসে করে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।

জানা গেছে, কর্ণফুলী উপজেলার ‘প্রত্যাশা’ নামের একটি সামাজিক সংগঠনের শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী বার্ষিক বনভোজনের উদ্দেশ্যে স্টিমারযোগে কাপ্তাই যাচ্ছিলেন।

সংগঠনটির সদস্য নুরুল ইসলাম বলেন, সবাই নিরাপদে থাকলেও অনেকের মোবাইল ফোন ও খাবার নষ্ট হয়েছে। দুর্ঘটনার পর বনভোজন কর্মসূচি স্থগিত করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়দের সহায়তায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম