নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন
যশোর-৩ আসনে বিএনপি প্রার্থী অমিতের জবাবে সন্তুষ্ট আদালত
যশোর ব্যুরো
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনে দলের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আদালতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনজনিত অভিযোগে শোকজের জবাব দিয়েছেন। তার জবাবে সন্তোষ প্রকাশ করেছেন বিচারক।
রোববার (১১ জানুয়ারি) সকালে তিনি আদালতে হাজির হয়ে জবাব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতের আইনজীবী দেবাশীষ দাস।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত হাজির হন। পরে তিনি লিখিত ও মৌখিকভাবে জবাব দেন।
এ সময় বিচারক তার বক্তব্য শোনেন। পরে তিনি সন্তোষ প্রকাশ করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
শুনানিকালে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুরসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিচারক অমিতের মৌখিক ও লিখিত বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে আরও যত্নবান থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়। যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিসে অমিতকে রোববার বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
নোটিসে বলা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী রোববার আদালতে হাজির হয়ে জবাব দেন প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
