জালে আটকা বিরল প্রজাতির ময়ূর
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় বিরল প্রজাতির একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধাওয়ায় ময়ূরটি ভুট্টাখেতের জালে আটকা পড়ে।
খবর পেয়ে রোববার (১১ জানুয়ারি) দুপুরে ব্রহ্মপুত্র নদীবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটিকে আহত অবস্থায় উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা বন বিভাগ।
এলাকাবাসী জানান, বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায় শনিবার দুপুরে ব্রহ্মপুত্র নদের তীরে ভুট্টাখেতের পাশে একটি ময়ূর দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় ময়ূরটিকে ধরার জন্য ধাওয়া করেন তারা। একপর্যায়ে ময়ূরটি ভুট্টাখেতের জালে আটকা পড়লে ওই এলাকার সাদ্দাম হোসেন ময়ূরটিকে আহত অবস্থায় ধরে বাড়িতে রাখেন। খবর পেয়ে রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান এবং উপজেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, খবর পেয়ে আহত অবস্থায় ময়ূরটিকে ওই এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান জানান, ময়ূরটি উদ্ধারের পর রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
