Logo
Logo
×

সারাদেশ

সিলেটে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

সিলেটে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ

সিলেটে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম আগামী দুই দিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এবং বুধবার যথাক্রমে ১৩ ও ১৪ জানুয়ারি সিলেট মহানগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের মিছিল, সভা ও সমাবেশ করা যাবে না।

রোববার (১১ জানুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাঠানটুলার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, মীরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত উল্লিখিত কেন্দ্রগুলোর অন্তত ২০০ গজের মধ্যে কোনো ধরনের মিছিল, সভা, সমাবেশ, উচ্চস্বরে শব্দ সৃষ্টি, চিৎকার-চেঁচামেচি, গান-বাজনা, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার, শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি তলোয়ার, বর্শা, বন্দুকসহ যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার, ছোরা, লাঠি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার, বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম