ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার বেসরকারি ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অপারেশন চলাকালে এ ঘটনা ঘটে। অপারেশনের পর জটিলতা দেখা দিলেও সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
নিপা মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চক বাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
রিপন ক্ষোভের সঙ্গে বলেন, আমার স্ত্রী সুস্থ ছিল। নিজে হেঁটেই অপারেশন থিয়েটারে গেছে; কিন্তু অপারেশনের পরই অবস্থা খারাপ হতে থাকে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ বলে ঢাকায় নিতে হবে। পরে আবার মত বদলে সদর হাসপাতালে নেয়। সেখানে নিয়ে গেলে ডাক্তার জানান, সে আগেই মারা গেছে।
পরিবার জানায়, সুস্থ অবস্থায় প্রসবের জন্য নিপাকে হাসপাতালে ভর্তি করা হয়। জটিলতা দেখা দেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে দ্রুত রোগী সরানোর চেষ্টা করে। অথচ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দিলে প্রাণ বাঁচানো সম্ভব ছিল বলে দাবি স্বজনদের।
অপারেশন করেন গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতা এবং অ্যানেস্থেশিয়া প্রদান করেন ডা. আবু বক্কর সিদ্দিক।
ঘটনার পর থেকেই অভিযুক্ত গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে ডেল্টা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. জহির রায়হান আজরুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিক অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায় না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
