কক্সবাজারের সাবেক পৌর মেয়রকে ৫ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
নুরুল আবছার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের পিপি রেজাউল করিম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডিত নুরুল আবছার গ্রেফতারের পর জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, কক্সবাজার পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ অর্থের ২৯ লাখ ১৫০ টাকা আত্মসাতের অভিযোগে নুরুল আবছারের বিরুদ্ধে ১৯৯১ সালে মামলাটি করেছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন। মামলার দুদকের পক্ষে ৭ জনের সাক্ষ্য নিয়ে দণ্ডবিধির ৪০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছেন।
দুদকের পিপি রেজাউল করিম রনি জানান, সরকারি অর্থ আত্মসাতের দায়ে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দিয়েছেন।
এর আগে, গত ৭ জানুয়ারি একই আদালত প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের আলাদা তিনটি মামলার প্রত্যেকটিতে নুরুল আবছারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
