ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে যাওয়া নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
জিতু মিয়া। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে জিতু মিয়া নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত জিতু মিয়া ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ও ধরমন্ডল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধরমন্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী এবং রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময়ই তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়াত। তবে সোমবার ধরমন্ডল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া; কিন্তু ওই অনুষ্ঠানে জিতু মিয়া কেন উপস্থিত হলো- তা নিয়ে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন আপত্তি করে ও ক্ষিপ্ত হয়। এ নিয়ে তাদের সঙ্গে জিতু মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কুপে জিতু মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, পূর্ববিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
