প্রার্থিতা ফিরে পেলেন সাবেক প্রতিমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
নির্বাচন ভবন মিলনায়তনে আপিল করার পর শুনানি শেষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল মঞ্জুর করেন নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন হলফনামায় ত্রুটির কারণে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
মঙ্গলবার তার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অ্যাডভোকেট জাকির ও অ্যাডভোকেট রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের আপিল মঞ্জুর করেছেন। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে রায় ঘোষণার পর অধ্যাপক রেজাউল করিম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২২ মে ২০০৩ থেকে ২৯ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
