বিএনপি প্রার্থীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য, কৃষক দল নেতাকে জরিমানা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মোমিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, আক্রমণাত্মক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক জানান, মকসুদুল মোমিন একটি দোয়া মাহফিলে কালীগঞ্জ-৪ আসনের এক প্রার্থীকে উদ্দেশ করে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি আমাদের নজরে এলে মকসুদুল মোমিনকে ডেকে পাঠানো হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দায় স্বীকার করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত মকসুদুল মোমিন নিজের ভুল বুঝতে পেরেছেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি আবেগের বশবর্তী হয়ে কিছুটা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যে কারণে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, উসাকনিমূলক বক্তব্য প্রদানের দায়ে তাকে দুই হাজার টাকা জরিমানা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতা মকসুদুল মোমিনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মকসুদুল মোমিনকে বলতে শোনা যায়- ‘প্লাস্টিকের ধানের শীষে চাল হয় নাকি। একজন ভণ্ড, চরিত্রহীন, উন্মাদ কোনোদিনও কখনো তার রাজনৈতিক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করতে পারে না, এটা তার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে। তিনি এখনই হুমকি দিয়ে কথা বলেন। কার বিরুদ্ধে উনি হুমকি দিয়ে কথা বলেন।’
এর আগে বুধবার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মোমিন।
