Logo
Logo
×

সারাদেশ

বিতর্কিত সেই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

বিতর্কিত সেই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্র জানায়, জমি দখল, ফ্যাসিবাদের দোসরদের রক্ষা, অবৈধভাবে গরুর হাট বসানো, সরকারি কাজে বাধা প্রদানসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের একটি দল কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গেলে খোরশেদ জমিদার এতে বাধা দেন। একপর্যায়ে তিনি উপস্থিত ডিবি কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে খোরশেদ জমিদারকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ করলেই কাউকে গ্রেফতার করা যাবে না এবং ডিবি পুলিশ আওয়ামী লীগের নেতাদের হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

জবাবে এক ডিবি কর্মকর্তা বলেন, এই এলাকায় কোনো অভিযান চালাতে গেলেই তিনি বাধা দেন, এমনকি মাদক ব্যবসায়ী ধরতেও বাধা দেন।

এদিকে বাঘৈর এলাকার বাসিন্দা দুলাল মিয়া অভিযোগ করে জানান, আব্দুল্লাহপুর মৌজার আরএস ৭৫৩ খতিয়ানের ১০৯৯ দাগে তাদের পৈত্রিক সূত্রে পাওয়া ২১ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে কয়েক মাস আগে খোরশেদ লোকজন নিয়ে হামলা চালান। এ সময় ওই জমিতে থাকা ঘরবাড়ি ও গাছপালা কেটে ফেলা হয় এবং জমিতে গেলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি খোরশেদসহ কয়েকজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি ও আদালতে পিটিশন মামলা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, গত কুরবানির ঈদের সময় তিনি জোরপূর্বক ঢাকা-মাওয়া মহাসড়কের রিং রোডের ওপর আব্দুল্লাহপুর এলাকায় গরুর হাট বসিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন। এছাড়াও ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা, বালু দিয়ে জমি ভরাটসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে খোরশেদ জমিদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম