Logo
Logo
×

সারাদেশ

শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতার নেতৃত্বে সংঘটিত হামলায় রেহেনা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা।

রোববার সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেদারঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি দখল ও মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে একই এলাকার ফরিদুল আলমের ছেলে শ্রমিক লীগ নেতা জহির আলম কালু ও তার পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা দা, কিরিচ ও কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় রেহেনা আক্তারকে লক্ষ্য করে কোদাল দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুপক্ষের বিরোধ চলছিল। রোববার সকালে বিরোধপূর্ণ জায়গায় যাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে জহির আলম কালু কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জহির আলম কালু খুনিয়াপালং ইউনিয়ন শ্রমিক লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম