একসঙ্গে ৫ গৃহবধূর লাশ দেখল গ্রামবাসী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
নিহতদের স্বজনরা আহাজারি করছেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামে চলছে শোকের মাতম। ওই গ্রামের পাঁচজন একসঙ্গে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহণের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।
পাইকেরবাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫), পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রোববার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে উল্লেখিত ৫ জন রয়েছেন।
একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের অনেক এলাকায় কাজ করতে যান। গতকাল ভোরে দুলালী, অনিতা, আভা, শেফালী, কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একসঙ্গে পাঁচজনের নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয়বিদারক। লাশগুলো রাতেই নিয়ে আসা হয়েছে। বর্তমানে দাহ সম্পন্ন হয়েছে।
