ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর পত্নীতলায় খড়িবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে খাতিজা (২৭) ও তার মেয়ে (৮) ফাতেমা জান্নাত নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উৎসুক জনতা ট্রাক ভাঙচুর এবং চালককে মারধর করেন।
নিহতরা হলেন— খাতিজা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের কাওছার আলীর স্ত্রী।
পত্নীতলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে নজিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কাওছার। মোটরসাইকেলটি নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে সাপাহার থেকে আসা নজিপুর অভিমুখী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ এবং ট্রাক চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
