Logo
Logo
×

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা রোগীসহ ৪ জন

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা রোগীসহ ৪ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হঠাৎ আগুন লেগে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ওভার ব্রিজের উপর মাওয়ামুখী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়।

অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ মোট চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল বলেন, অল্পের জন্য রোগীসহ চারজন প্রাণে রক্ষা পেয়েছেন। কিছুক্ষণের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম