মাগুরা-১ আসনের প্রার্থী গণফোরামের সেক্রেটারির বাড়িতে ককটেল বিস্ফোরণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেলও উদ্ধার করেছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের প্রার্থী গণফোরাম নেতা মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরের গ্রামের বসতবাড়ির বারান্দায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়।
এ সময় প্রার্থী মিজানুর রহমান বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে তার পরিবারের সদস্যরা ৯৯৯ নাম্বারে ফোন করে জানালে স্থানীয় হাজিপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী সংসদ সদস্য প্রার্থী গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিরাপত্তাহীনতার অভিযোগ করে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিয়মিত বিভিন্ন টেলিভিশন টকশোতে গণতন্ত্র, আইনের শাসন, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে থাকেন ডাক্তার মিজানুর রহমান। ধারণা করা হচ্ছে, তাকে ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটাতে পারে।
এছাড়া নির্বাচন বাধাগ্রস্ত করতে তার বাড়িতে এ নাশকতা চালানো হতে পারে বলেও তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।
মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ সময় ককটেলসদৃশ একটি বস্তুও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
