Logo
Logo
×

সারাদেশ

মধ্যরাতের আগুনে পুড়ে ছাই রোহিঙ্গা ক্যাম্পের সাড়ে চারশ ঘর

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

মধ্যরাতের আগুনে পুড়ে ছাই রোহিঙ্গা ক্যাম্পের সাড়ে চারশ ঘর

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে সাড়ে চার শতাধিক বসতঘরসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়। শীতের রাতে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে শত শত রোহিঙ্গা পরিবার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্রে প্রথমে আগুন লাগে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শেড ও ঘরগুলোতে।

স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ক্যাম্পের তিনটি ব্লকের বিস্তীর্ণ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এতে অন্তত ৪৫০টি বসতঘর, ১০টি শিখন কেন্দ্র, দুটি মসজিদ ও একটি মাদ্রাসা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা।

ডি-৪ ব্লকের মাঝি মোহাম্মদ আলী বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে কোনোরকমে প্রাণ নিয়ে বের হয়েছি। আমার ব্লকের একটি ঘরও আর অবশিষ্ট নেই- সব পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা আহমেদ উল্লাহ বলেন, আমার পরিবারের সদস্য সাতজন। এমনিতেই শীতের কষ্ট, তার ওপর ঘর হারালাম। এখন কোথায় যাব, কিভাবে থাকব- কিছুই বুঝতে পারছি না।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড নতুন নয়। অস্থায়ী ঘরবাড়ি, ঘনবসতি ও সীমিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটে। গত বছরের ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল পুড়ে যায়। এর আগের দিন, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পেও আগুনে অন্তত ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম