Logo
Logo
×

সারাদেশ

যে কারণে বিএনপি থেকে বহিষ্কার হলেন আতাউর রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

যে কারণে বিএনপি থেকে বহিষ্কার হলেন আতাউর রহমান

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্র জানায়, আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরেই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে লিপ্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ নেতাদের নিয়ে তার প্রকাশ্য বক্তব্য কেন্দ্রীয় নেতৃত্বকে বিব্রত করেছে এবং বিএনপির রাজনৈতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছে নীতিনির্ধারক মহল।

সংবাদ সম্মেলনে দেওয়া তার বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলেও উল্লেখ করা হয়।

সূত্র আরও জানায়, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি অবস্থান পরিবর্তন করেননি। বরং কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করেছেন, যা দলীয় শৃঙ্খলার সরাসরি লঙ্ঘন। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক অবস্থান সুদৃঢ় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম