Logo
Logo
×

সারাদেশ

মাগুরা জেলা এনসিপির নেতাকে হাত-পা কেটে প্রাণনাশের হুমকি

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

মাগুরা জেলা এনসিপির নেতাকে হাত-পা কেটে প্রাণনাশের হুমকি

বিএম ফররুখ আহমেদ

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিএম ফররুখ আহমেদকে হাত-পা কেটে নেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে একটি নির্দিষ্ট নম্বর থেকে ওই এনসিপি নেতার হোয়াটসঅ্যাপ নম্বরে সংক্ষিপ্ত মেসেজ পাঠিয়ে এবং ফোনকল করে তাকে এ হুমকি দেওয়া হয়েছে।

বিএম ফররুখ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৫৪ মিনিটের সময় তার ব্যবহৃত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে একটি নির্দিষ্ট নম্বর থেকে- ‘আপনার মনে হয় সময় কাছাই আসছে’ লেখা প্রাণনাশের হুমকির মেসেজটি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ওই নম্বর থেকেই কল করে বলা হয়- ‘মাগুরাতে ফিরলে হাত-পা কেটে নেওয়া হবে’।

এনসিপি নেতা বিএম ফররুখ আহমেদের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরে। বিগত জুলাই আন্দোলন চলাকালে তিনি ঢাকার আশুলিয়া এলাকা থেকে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেন। বর্তমানে ঢাকাতে থেকেই মাগুরা জেলা নাগরিক কমিটির সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

এনসিপি নেতা বিএম ফররুখ আহমেদ বলেন, বিগত সময়ে ভিপি নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আদর্শিক এবং নীতিগত বিভেদের কারণে এনসিপিতে যোগ দিয়েছি। এসব কারণেই গণঅধিকার পরিষদের কয়েকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়। যে কারণে ওই দলের কেউ এই প্রাণনাশের হুমকি দিতে পারে বলে ধারণা করছি।

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার পর বিষয়টি মাগুরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই আইনগত সহায়তা নেওয়া হবে বলেও মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিএম ফররুখ আহমেদ জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম