মাদারীপুর-৩
বাড়ির সামনে হাতপাখা প্রার্থীর ছেলেকে মারধর
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুর-৩ আসনের হাতপাখার মনোনীত প্রার্থী মাওলানা আজিজুল হকের ১২ বছরের সন্তানকে বাড়ির সামনে মারধর করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হাতপাখার কর্মী-সমর্থকরা।
জানা গেছে, সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুল হকের একমাত্র শিশুপুত্র আব্দুল্লাহ শনিবার সন্ধ্যার পরে তার বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এ সময় হত্যার উদ্দেশ্য আবদুল্লাহকে হঠাৎ মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসকরা তাকে রেফার করে ঢাকায় পাঠান।
হামলার প্রতিবাদে রোববার দুপুরে আইএবি কালকিনি উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইসলামী আন্দোলনের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা তামিন হুসাইন জানান, হাতপাখার মনোনীত প্রার্থীর বাড়ির সামনে দিয়ে শনিবার সন্ধ্যার পরে বিএনপির একটি মিছিল যায়। ওই মিছিল থেকে মনে হচ্ছে আবদুল্লাহর ওপর হামলা করা হতে পারে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাই।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জানান, বিএনপির কেউ ওই হামলার সঙ্গে জড়িত নয়। সম্পূর্ণ পারিবারিক বিষয়, এখন রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে।
কালকিনি থানার এসআই পল্লব জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
