ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে: ড. মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে।
রোববার ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে মঈন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থি, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া ছাত্রদল নেতা সজিব ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে মঈন খান কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
