খুলনা চাকরি মেলায় অন-স্পট নিয়োগ, লক্ষ্য স্মার্ট ক্যারিয়ার
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খুলনায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’। স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় হ্যামকো গ্রুপ ও আকিজ গ্রুপসহ দেশের খ্যাতনামা ১৬টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলা থেকে সরাসরি ৫ শিক্ষার্থীকে অন-স্পট নিয়োগ প্রদান করা হয়েছে।
মেলা প্রাঙ্গণে সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই চাকরিপ্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মোট ১৮৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে ১৬টি স্টলে তাদের জীবনবৃত্তান্ত (CV) জমা দেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই শেষে ৫ জনকে তাৎক্ষণিক নিয়োগ দেয় আরও ২০ শিক্ষার্থীকে প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করে। প্রতিষ্ঠানের শূন্যপদ অনুযায়ী পর্যায়ক্রমে তাদের নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।
কেবল নিয়োগ নয়, চাকরিপ্রার্থীদের বর্তমান জব মার্কেটের চাহিদা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে বিশেষ সেশনের আয়োজন করা হয়। সেখানে অনলাইন ও অফলাইন মাধ্যমে আবেদনের সঠিক নিয়মাবলী হাতে-কলমে শেখানো হয়। কারিগরি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর স্বর্ণা রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও অধ্যক্ষ এসএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. মিজানুর রহমান (উপসচিব ও পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা) এবং শেখ মুস্তাফিজুর রহমান (অধ্যক্ষ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট) কারিগরি শিক্ষার অপরিহার্যতা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
দিনের শেষভাগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সফল সমাপ্তি ঘটে। মেলাটি স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
