নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ঢাকা থেকে আগত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদর উপজেলার পাঁচদোনার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন—বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০জন।
জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামেলি ডে উদযাপন করতে আসেন। পার্কে ফ্যামেলি ডে উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে উঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে।
এসময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের উপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা জানান, আমরা ফ্যামিলি ডে উদযাপন শেষে ঢাকায় যাবার পথে আমাদের গাড়ী আটকে একদল সস্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাংবাকিদের উপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
