Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরদিনই দুগ্রুপের সংঘর্ষ, আহত ১৫

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

আ.লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরদিনই দুগ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের একদিন পর দুগ্রুপের মধ্যে কয়েক দফার সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গা উপজেলার চুমরদী ইউনিয়নের বাবনাতলা গ্রামে কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, মঙ্গলবার বিকালে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে আশপাশের কয়েকশ গ্রামবাসী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন। তারা সবাই ইতোপূর্বে নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহ সমর্থিত নেতাকর্মী ছিলেন।

উঠান বৈঠকে বাবনাতলা গ্রামের ইসরাফিল মোল্লা বক্তব্য দেন। বক্তব্য দীর্ঘায়িত হলে ওই বক্তব্যের প্রতিবাদ করেন একই গ্রামের প্রতিপক্ষ আনোয়ার মোল্লার দলের শহিদুল মোল্লা। বৈঠক চলাকালে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটলে পরে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।

এর জের ধরে আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দুপক্ষের লোকজন লাঠিসোটা ইটপাটকেল দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের ১৫ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

আহতরা হলেন- লাবনী আক্তার (৪৫), ফাতেমা আক্তার (৩৬), অ্যাডভোকেট জাকারিয়া (৪০), লাভলু মোল্লা (৪৫), জাহিদ মোল্লা (৩৭), ইয়াদালী আলী মোল্লা (৪০), ইসরাফিল মোল্লা (৪৫), আব্দুর রহমান (২০),আনোয়ার মোল্লা (৫০), শাহাবুদ্দিন মোল্লা (৫৫), শহিদুল মোল্লা (৩০), সুমন (২৮) ও রাজনসহ (৩০) ১৫ জান।

ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরাসহ স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে এসে মীমাংসার প্রস্তাব দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আহত বিএনপি নেতা জাকারিয়া মোল্লা জানান, আমার ভাই ইসরাফিল মোল্লার যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিপক্ষের শহীদুল মোল্লা তীব্র সমালোচনা করেন। এ নিয়ে আজ সকালে আমাদের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ শাহাবুদ্দিনের লোকজন। আমার পকেটে থাকা ৪ লাখ টাকা নিয়ে যায় এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করে। আমাদের প্রায় ৮-১০ জন লোক আহত করে।

প্রতিপক্ষের আনোয়ার মোল্লা জানান, তার পক্ষের শহীদুল মোল্লার ওপর অতর্কিতে হামলা চালায় শাহাবুদ্দিন মোল্লার লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের বেশ কয়েকজন লোক আহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম