Logo
Logo
×

সারাদেশ

‘আ.লীগের সাধারণ নেতাকর্মী আমাদের কাছে শতভাগ নিরাপদ’

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

‘আ.লীগের সাধারণ নেতাকর্মী আমাদের কাছে শতভাগ নিরাপদ’

নির্বাচনি সমাবেশে সভাপতির বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান

‘আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অভয় দিচ্ছি আপনারা আমাদের কাছে শতভাগ নিরাপদ’- বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে নির্বাচনি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেন, সাধারণ মেহনতি মানুষের আস্থার নাম তারেক রহমান, তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। ধানের শীষ প্রতীক আপনাদের আমানত। আপনারা এই প্রতীককে বিজয়ী করতে রাজি আছেন? আজকে আমাদের বিজয় হয়ে গেছে। এ বিজয় কেউ ইনশাআল্লাহ আটকাতে পারবে না।

তিনি বলেন, এখনো বিএনপিকে নিয়ে অতীতে নানা চক্রান্ত হয়েছে, এখনো চক্রান্ত চলছে। ঝিনাইদহ-৪ আসনেও চক্রান্ত করে বিএনপিকে থামানো যাবে না। ঝিনাইদহ-৪ আসন বিএনপির আসন। গত ৫ আগস্টের পর এ আসনের সাধারণ নেতাকর্মীদের ওপর জুলুম করা হয়েছে। কারা জুলুম করেছিল, যারা ভেবেছিল ভোট হয়ে যাওয়ার আগেই এমপি হয়ে গিয়েছি। যারা চেয়ারম্যান-মেম্বার ছিল তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে। 

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনে কোনো চাঁদাবাজি, দখলবাজি চলবে না। আজ আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেন বাড়িঘর ছাড়া একটু খোঁজ নেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কারা মামলা দিয়েছে খোঁজ নেন। আমার ঝিনাইদহ সদর উপজেলায় জন্ম। আজ কতিপয় দুর্বৃত্ত আমাকে বলছে বহিরাগত। আমি কি বহিরাগত? জাতীয় পর্যায়ে রাজনীতি করলে যেকোনো জায়গা থেকে নির্বাচন করা যায়। 

নির্বাচনি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, তবিবুর রহমান মিনি প্রমুখ।

এর আগে দুপুর থেকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। সভা শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম