Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

কেরানীগঞ্জে বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির (বিজেপি) সদস্য সচিব মো. জিয়া (২৮) প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি অভিযোগ করেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী জাহাঙ্গীর তাকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

মো. জিয়া জানান, সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাত ১০টা ২১ মিনিটে অভিযুক্ত গাজী জাহাঙ্গীর তার মোবাইল ফোনে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং অপকর্মে বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

তিনি আরও অভিযোগ করেন, আবদুল্লাহপুর এলাকার বাসিন্দা গাজী জাহাঙ্গীর মাটি চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব অনিয়মের প্রতিবাদ করায় তিনি ক্ষুব্ধ হয়ে তার ওপর হুমকি দিচ্ছেন। গাজী জাহাঙ্গীর এলাকায় একজন চিহ্নিত ভূমিদস্যু হিসেবেও পরিচিত এবং তিনি নিয়মিত রাতের আঁধারে মাটি কাটার সঙ্গে জড়িত।

মো. জিয়া বলেন, আসন্ন তেঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (বিজেপি) থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা প্রচার করায় অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ছাড়া অভিযুক্তের ছেলে সায়মনও তাকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এসব কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বর্তমানে আবদুল্লাহপুরের করেরগাঁও এলাকায় নিজ বাড়িতে যেতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা যায়, গাজী জাহাঙ্গীর এক সময় তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে করেরগাঁও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে তিনি তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ বাগিয়ে নেন বলেও স্থানীয় সূত্র দাবি করেছে।

তবে অভিযোগের বিষয়ে গাজী জাহাঙ্গীর বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম