Logo
Logo
×
   

সারাদেশ

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএম নাগিব হোসেনকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক নাগিব অভিযোগ করেন, বুধবার গভীর রাতে ৬-৭ জন অস্ত্রধারী ব্যক্তি মাইক্রোবাসে এসে ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঘর থেকে বাইরে নেওয়ার চেষ্টা করে। তিনি বাইরে যেতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়ির গেটে আঘাত করা হয়।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়ার কারণেই এ হামলার চেষ্টা করা হয়েছে। হুমকি উপেক্ষা করেই তিনি নির্বাচনের মাঠে থাকবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। বিষয়টি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

 

ঘটনার নিন্দা জানিয়ে নড়াইল-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র ও ভোটাধিকারকে ভয় দেখানোর অপচেষ্টা।

নড়াগাতি থানার ওসি মো.আব্দুর রহিম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম