ধানের শীষের গণজোয়ার দেখে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এই গণজোয়ার দেখে একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। কারণ তারা জানে নির্বাচন হলে তাদের নিশ্চিত ভরাডুবি হবে।
শুক্রবার দুপুরে নরসিংদী সদরের শাপলা চত্বর এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় এবং ৮২ শতাংশ জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বে দেখতে আগ্রহী।
তিনি বলেন, আমরা এই জরিপ করি নাই। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভে রিপোর্ট, যেখানে জনগণের প্রকৃত মতামত উঠে এসেছে।
খায়রুল কবির খোকন বলেন, দেশকে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। এ অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে এবং অর্থনৈতিকভাবে সচল করতে হলে বিএনপি ছাড়া অন্য কোনো দলের অভিজ্ঞতা নেই। একমাত্র বিএনপিরই পাঁচবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
দুপুরে নরসিংদী সদরের শাপলা চত্বর এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগে অংশ নেন তিনি। পরে শীলবাড়ি ১নং ওয়ার্ডে একটি উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালান। এ সময় নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
