Logo
Logo
×

সারাদেশ

সৈয়দপুরে হঠাৎ শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

সৈয়দপুরে হঠাৎ শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

নীলফামারীর সৈয়দপুরে হঠাৎ কুয়াশা ও হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। ছবি: যুগান্তর

নীলফামারীর সৈয়দপুরে হঠাৎ কুয়াশা ও হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। মাঘের শেষে হঠাৎ শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

সৈয়দপুর ছাড়া ও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় হিমেল হাওয়া বইছে। গত শুক্রবার সূর্যের তাপমাত্রা ছিল খুবই কম। এ কারণেই শুক্রবার রাত থেকে শীত বেশি অনুভূত হচ্ছে। মাঘের শুরু থেকেই ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করায় বেশ গরম অনুভব হচ্ছিল, কিন্তু ৩১ জানুয়ারি হঠাৎ তীব্র কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন সৈয়দপুরের মানুষ।  

ফুচকা বিক্রেতা বাচ্চু জানান, মাঘ মাসের দিনগুলো গরমেই কাটছিল। তাপমাত্রা বেশি ছিল বলে ফুচকা বিক্রি করতে সমস্যা হয়নি। আজ হঠাৎ শীতের তীব্রতা বেড়ে গেছে, সেই সঙ্গে কুয়াশা। ফুচকা বিক্রি করতে ভ্যান নিয়ে বের হয়েছি ঠিকই কিন্তু কুয়াশা আর ঠান্ডায় বাচ্চারা ফুচকা খেতে আসছে না।

শহরের বাঙালিপুর নীজ পাড়ার মোনা নামের এক ব্যাক্তি বলেন, গরিবের দেওয়ার মতো কেউই নেই। কনকনে ঠান্ডায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কম্বল চেয়েছি, কিন্তু পাইনি। শুনেছি তিনি অনেক এলাকায় কম্বল বিতরণ করেছেন, কিন্তু বাঙালিপুর নীজ পাড়ায় একটি কম্বলও দেননি তিনি।  

তিনি বলেন, শুধু ভোটের আশায় প্রার্থীসহ নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কিন্তু গরিব ভোটাররা যে ঠান্ডায় কুপোকাত, এ বিষয়ে কেউই ভাবছেন না। এবারে গরিব-অসহায় মানুষদের মাঝে কোনো কিছুই বিতরণ করা হচ্ছে না। প্রার্থীদের প্রতিশ্রুতির শেষ নেই। এমপি নির্বাচিত হওয়ার পর জনগণ কি চায়, সেটার সবই দিবেন তারা। কিন্তু বর্তমানে নিম্ন আয়ের মানুষ যে শীতে কাহিল সেটা কিন্তু তারা দেখেও না দেখার ভান করছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, মাঘের শুরু থেকেই গরম অনুভব হচ্ছিলো। কিন্তু আজ ৩১ জানুয়ারি হিমেল হাওয়া আর তীব্র কুয়াশায় শীত অনুভূত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার সকাল ৮টায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া গত কয়েকদিন দিনে গরম আর রাতে ঠান্ডা অনুভুত হওয়ায় বয়স্ক ও শিশুরা নানা রোগে আক্রান্ত হয়েছেন। এজন্য তিনি সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম