আ.লীগ নিষিদ্ধ বলেই নির্বাচনে নৌকা মার্কা নেই: খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ আজ নির্বাহী আদেশে নিষিদ্ধ, সেই কারণে নির্বাচনে তাদের নৌকা মার্কা নেই।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানবাধিকারবিরোধী কাজ করেছে এবং দেশের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এ দেশের সরকার ও জনগণ সম্মিলিতভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ আন্দোলন ও ত্যাগ যে দল করেছে, তা হলো বিএনপি। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপি পরিবারের ৪৩২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।
খোকন আরও বলেন, দেশ ও সার্বভৌমত্বের মালিক জনগণ। আল্লাহর পরে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস জনগণ। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন।
এ সময় নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
