ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’, বিএনপি নেতার হুমকির ভিডিও ভাইরাল
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও সোনারগাঁ
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে এক বিএনপি নেতার হুমকির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
অনেকের মতে, এ ধরনের হুমকির কারণে অনেক ভোটার কেন্দ্রমুখী হওয়া থেকে বিরত থাকার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকাল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নির্বাচনি প্রচারণায় সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আল্লাহর কসম কেটে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেন। বক্তব্যে তিনি ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না বলে হুমকি প্রদান করেন। বক্তব্যটি মোবাইল ফোনে ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনার পর থেকে সাধারণ ভোটারদের মধ্যে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা নিজাম উদ্দিনের বক্তব্য প্রদানকালে সভায় উপস্থিত ছিলেন- মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল আহমেদ, যুবদল নেতা রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক পার্টি থেকে পদত্যাগকারী পৌরসভার আহবায়ক ওমর ফারুক টিটু, তার ভাই ওসমান গণি রিতুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, এ ধরনের হুমকিমূলক বক্তব্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে অনেকে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছে। এ ঘটনার পর থেকে ভোটার ও সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছে। এমন হলে অনেক ভোটার ভোট দিতে কেন্দ্রে যাবেন না বলে সংশয় প্রকাশ করেছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস জানান, একজন প্রার্থীর পক্ষে বিএনপি নেতার হুমকির বিষয়টি নিয়ে সুষ্ঠু ভোটের প্রতিবন্ধকতা সৃষ্টির আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে দ্রুত কার্যকারী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।
এ ব্যাপারে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বলেন, তার আত্মীয়স্বজনদের নিয়ে তিনি নির্বাচনি উঠান বৈঠক করেছিলেন। তার কিছু আত্মীয়স্বজন বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে থাকলেও গোপনে অন্য প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তিনি তার আত্মীয়স্বজনদের শাসিয়েছেন বলে দাবি করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
