ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে- এমন অভিযোগে শহরের বেসরকারি মালিকানাধীন মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুর করেছেন স্বজন ও বিক্ষুব্ধরা।
সোমবার বিকালে শহরের হাবিব মেডিকেল সেন্টারে এ ঘটনার পর নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত প্রসূতির নাম ফারিয়া আক্তার (২০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নাহিদ মিয়ার স্ত্রী। গত মাসে শহরের বন্ধন ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত দেওয়া ও প্রসূতির মৃত্যুর অভিযোগ হামলা ভাঙচুরের ঘটনার ফের এমন ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ডাক্তারের অনুপস্থিতে নার্সরা ইনজেকশন পুশ করায় হাবিব মেডিকেলে প্রসূতি নারীর মৃত্যু এমন অভিযোগ তোলেন স্বজনরা।
স্বজনরা জানায়, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফারিয়া আক্তারকে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে ইনজেকশন পুষ করেন। এর পরপরই ফারিয়ার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে এবং একপর্যায়ে মৃত্যু কোলে ঢলে পড়েন ফারিয়া।
কর্তৃপক্ষের অবহেলা, ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন এমন অভিযোগ তুলে নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তাদের সঙ্গে বহিরাগতরাও যোগ দেয়। তারা হাবিব মেডিকেলে ভাঙচুর চলায়। পরে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হাবিব মেডিকেল সেন্টারের ম্যানেজার জানান, তাদের তরফ থেকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। রোগীর অবস্থা পূর্ব থেকেই গুরুতর ছিল। চিকিৎসায় কোনো ভুল হয়নি। কেউ চায় না তার প্রতিষ্ঠানের বদনাম হোক।
ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ওই ক্লিনিকে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
