ভোটের অধিকার ফিরিয়ে দিতে সৎ নেতৃত্বের বিকল্প নেই: হাসনাত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এমনকি মরা মানুষও ভোট দিয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফির পক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হলে সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে হবে। জনগণ আর ভুল সিদ্ধান্ত নিতে চায় না। ৫০০ কিংবা ১ হাজার টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন, নাকি পাঁচ বছর দেশের মালিক হবেন—এই সিদ্ধান্ত আপনাদের। আমরা খেলা চেইজ করব না, আমরা খেলা পালটে দেব।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আবারও ৫ আগস্টের মতো আন্দোলন নেমে আসবে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে। আগামী নির্বাচনে নিরপেক্ষ না হলে জনগণ প্রশাসন ও সংশ্লিষ্টদের ‘লাল কার্ড’ দেখানো হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নবীনগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের নামে বৈষম্য ও অনিয়ম চলেছে। এসব অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফিকে একজন সৎ ও জনগণের কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মো. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুপ্রিমকোর্ট শাখার এক্সিকিউটিভ মেম্বার আব্দুল বাতেন।
গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমির মোখলেছুর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এমদাদুল হক সিরাজী, মাওলানা মাইনুল ইসলাম খান্দকার, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, এবিএম কবির আলম মাসুদ এবং মো. আমিনুল হক চৌধুরী।
গণসংযোগ কর্মসূচিতে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র-জনতা, জুলাই আন্দোলনের শহীদদের অভিভাবক, আলেম-উলামা ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
